জামিনের জন্য হাইকোর্টে পরীমণির আবেদন

| আপডেট :  ২৫ আগস্ট ২০২১, ১১:৪১  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২১, ১১:৪১

মাদক মামলায় গ্রেফতার আলোচিত চিত্রনায়িকা পরীমণি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছেন। বুধবার (২৫ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনের বিষয়ে অনুমতি নেয়া হয়। পরে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন পরীমণির আইনজীবী মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষকে আবেদনের কপিও দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ মাদক মামলায় পরীমণির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। নিম্ন আদালতের এ আদেশকে চ্যালেঞ্জ করে বুধবার (২৫ আগস্ট) হাইকোর্টে আবেদনটি করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলা হয়েছে। পরীমণির জামিনের আরজিও রয়েছে এ আবেদনে।

এর আগে তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম। পরে ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করা হয়। সেই আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১৯/এ রোডের ১২ নম্বর বাসায় চিত্রনায়িকা পরীমনির ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। পরীমনির বাসায় প্রায় ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে ভয়ংকর নতুন মাদক এলএসডি ও আইস জব্দ করা হয়। এছাড়া বিপুল সংখ্যক বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়। রাত সোয়া ৮টার দিকে অভিযান শেষে পরীমনিকে আটক করে র‌্যাব।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত