পিছিয়ে গেল বিপিএলের নিলাম

| আপডেট :  ১১ নভেম্বর ২০২৫, ১০:৫১  | প্রকাশিত :  ১১ নভেম্বর ২০২৫, ১০:৫১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় নিলাম চলতি মাসের ১৭ নভেম্বর হচ্ছে না। পিছিয়ে যাচ্ছে চার দিন, বিপিএল খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালে যাত্রা শুরু করা বিপিএলের প্রথম দুই আসরে খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমে। তবে ২০১৫ সাল থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি। এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবির প্রেক্ষিতে বহু বছর পর আবারো নিলাম ফিরিয়ে আনছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর, যেখানে অংশ নিচ্ছে মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। সম্ভাব্য সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচ হবে আগামী বছরের ১৬ জানুয়ারি।

বিসিবি সূত্রে জানা গেছে, নিলাম আয়োজনে এবার দেশের বাইরের কিছু দক্ষ কর্মীকে আনার চেষ্টা চলছে। তবে যদি তা সম্ভব না হয়, তাহলে সিলেট বিভাগের কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হতে পারে। যেহেতু ২১ নভেম্বর বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ রয়েছে, তাই বিপিএল নিলাম শুরু হবে দুপুর ৩টা থেকে।

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত-

.রংপুর রাইডার্স
.ঢাকা ক্যাপিটালস
.সিলেট টাইটান্স
.রাজশাহী ওয়ারিয়র্স
.চিটাগং রয়েলস

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত