এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদি

| আপডেট :  ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪  | প্রকাশিত :  ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪

পরিবারের সিদ্ধান্তে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায়। এর আগে, দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।

এদিকে ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা নিয়ে সন্ধ্যায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছেন, গুলি মাথা থেকে বের হয়ে গেছে।’

এর আগে দুপুরে পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তার সঙ্গে থাকা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। পরে হাদিকে রিকশাতেই হাসপাতালে আনা হয়।

শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনসমূহ। বিক্ষোভ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা।

ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন উপদেষ্টা।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত