বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমল, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। শক্তিশালী মার্কিন ডলারের কারণে এই মূল্যবান ধাতুর দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া আজ (৯ জানুয়ারি) প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পে-রোলসের (এনএফপি) দিকেও নজর রয়েছে বিনিয়োগকারীদের।
শুক্রবার বাংলাদেশ সময় ১১টা ৩৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৬৯ দশমিক ০৩ ডলারে দাঁড়ায়। এর আগে গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছায়।
এদিকে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৪৭৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়।
বাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘গত তিন দিনে স্বর্ণের দামে কিছুটা মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গেছে, তবে এই মুহূর্তে বাজারের মূল চালিকাশক্তি হচ্ছে এনএফপির তথ্য প্রকাশের আগে মার্কিন ডলারের শক্ত অবস্থান।’
এইচএসবিসি জানিয়েছে, ভূরাজনৈতিক ঝুঁকি ও ঋণের পরিমাণ বাড়তে থাকায় ২০২৬ সালের প্রথমার্ধে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে। সাধারণত স্বল্প সুদের পরিবেশে এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময় ভালো পারফরম্যান্স দেখায় সুদহীন সম্পদ।
এদিকে স্পট সিলভার ০ দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৬ দশমিক ৮৩ ডলারে নেমে আসে। গত ২৯ ডিসেম্বর রেকর্ড ৮৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছিল রুপা। আর স্পট প্লাটিনাম ০ দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ২৫০ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়, যা গত সোমবার রেকর্ড ২ হাজার ৪৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল।
অন্যদিকে দেশের বাজারে আজ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
