পিএসএলে সরাসরি চুক্তিতে দল পেয়ে যে বার্তা দিলেন মুস্তাফিজ

| আপডেট :  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩  | প্রকাশিত :  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই মৌসুমে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ২০১৬ ও ২০১৮ সালের আসরে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএলে ফিরছেন টাইগার কাটার মাস্টার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুস্তাফিজকে সরাসরি চুক্তির মাধ্যমে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে নেয়ার কথা জানায় পিএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।

আসন্ন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের এগারতম আসরে ফিরতে পেরে লাহোরের ম্যানেজমেন্ট ও সমর্থকদের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছেন মুস্তাফিজ। লাহোরে ফিরে নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করছেন বলে জানান ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার।

মুস্তাফিজ বলেন, ‘লাহোর আমাকে দলে নেয়ায় আমি সম্মানিত। আবার তাদের হয়ে পিএসএল খেলতে পারব ভেবে খুব ভালো লাগছে। এই দলের সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। এখানকার পরিবেশ, সমর্থকদের আবেগ আর দলের ভ্রাতৃত্ব আমি আগে থেকেই জানি। লাহোরকে আমি সবসময় নিজের পরিবারের মতো মনে করেছি। আবার এই জার্সি পরতে এবং দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে আমি প্রস্তুত।’

লাহোর কালান্দার্স তিনবার পিএসএল শিরোপা জিতেছে। দলের সাম্প্রতিক সাফল্যের প্রশংসাও করেছেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘গত পাঁচ বছরে লাহোর যে ধরনের ক্রিকেট খেলেছে, তা সত্যিই অসাধারণ। দারুণ একটা সংস্কৃতির ওপর গড়ে ওঠা দল এটি। সমর্থকদের আবেগ আর এমন একটি ড্রেসিংরুম, যেখানে খেলোয়াড়দের সেরাটা বের করে আনা হয়, সব মিলিয়ে জায়গাটা বিশেষ। আগে যেখানে খেলেছি, সেই ড্রেসিংরুমে আবার ফিরে যাওয়া সত্যিই আলাদা অনুভূতি।’

লাহোরের সাম্প্রতিক সাফল্যের পেছনে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির বড় ভূমিকা রয়েছে। তার নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন মুস্তাফিজ, ‘শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলতে, শিরোপা ধরে রাখতে এবং দলের লক্ষ্যে অবদান রাখতে আমি খুবই আগ্রহী। মাঠে ও মাঠের বাইরে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। লাহোর কালান্দার্স শুধু একটি দল নয়, এটা একটি সংস্কৃতি, একটি পরিবার-যাদের প্রতিনিধিত্ব করতে পারাটা সবসময়ই অনুপ্রেরণার।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত