ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়ায় দৌড়ে পালালেন জামায়াত নেতা (ভিডিওসহ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন উপজেলার ঝাঐল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোস্তাক সরকার।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এসংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই জামায়াত নেতা একজনকে টাকা দিচ্ছিলেন, ঠিক সেই মূহুর্তে সেখানে গিয়ে কিছু লোকজন তার ভিডিও করতে থাকে। ওই সময় ওই জামায়াত নেতা মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকেন। স্থানীয়রাও তার পিছু ধাওয়া করে। কিন্ত শেষ পর্যন্ত ওই জামায়াত নেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনি এজেন্ট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ভোটের আগে আমাদের জামায়াতের এজেন্ট ও স্বেচ্ছাসেবীদের খরচ দিতে হয়। সেই টাকাই আমাদের এক নেতা দিতে গিয়েছিল তখনই বিএনপির কিছু লোকজন ধাওয়া দিলে ভয়ে হয়তো ওই জামায়াত নেতা দৌড় দিয়েছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, জামায়াত নেতার ভোট কেনার বিষয়টি আমি শুনেছি। এবিষয়ে আমাদের এসিল্যান্ড স্যার বিস্তারিত বলতে পারবেন।
কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী রিটানিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিকদের কাছ থেকে আমি ভিডিওটি দেখেছি। আমি এখন অন্য একটা জায়গায় যাচ্ছি এখানে কাজ শেষ করে সরেজমিনে ঝাঐল ইউনিয়নের যেয়ে ভিডিও দেখে সতত্যা পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত নেতা কি এখনো ওইখানে জনতার হাতে আটক আছে কিনা এমন প্রশ্লে তিনি বলেন, এটা সঠিকভাবে বলতে পারছি না। সরেজমিনে গিয়ে বিস্তারিত বলতে পারব।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
