কওমি মাদরাসায় প্রথমবারের মতো উপবৃত্তি: আবেদনের সময় শেষ হচ্ছে আজ

| আপডেট :  ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৭  | প্রকাশিত :  ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৭

 

দেশের কওমি মাদরাসাগুলোকে প্রথমবারের মতো সরকারি উপবৃত্তির আওতায় আনার প্রক্রিয়ার আবেদনের সময়সীমা আজ শেষ হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টার মধ্যে যাবতীয় তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ই-মেইল: dirpesd.dpe@gmail.com। উপজেলা, জেলা ও বিভাগ ভিত্তিক নির্ধারিত ছকে যথাযথ তথ্য পূরণ করে অধিদপ্তর বরাবর পাঠাতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার ফলে অর্থনৈতিকভাবে অসচ্ছল কওমি মাদরাসাগুলোও রাষ্ট্রের আর্থিক সহায়তার অংশীদার হতে পারবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (উপবৃত্তি) নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল কওমি মাদরাসা নয়—কিন্ডারগার্টেন, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, স্বতন্ত্র এবতেদায়ী এবং উচ্চ মাদরাসা সংলগ্ন এবতেদায়ীসহ সব ধরনের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।

অধিদপ্তর বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করেছে এবং নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে মাদরাসা ও বেসরকারি প্রাথমিক পর্যায়ের কয়েক লাখ অসচ্ছল শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে, যা শিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত