সরকারি চাকরিজীবীদের জন্য মোবাইল বিল, প্রতিবন্ধী সন্তানের জন্য ভাতা

| আপডেট :  ৩১ আগস্ট ২০২৬, ১০:০৩  | প্রকাশিত :  ৩১ আগস্ট ২০২৬, ১০:০৩

 

নবম জাতীয় বেতনস্কেলে সব সরকারি চাকরিজীবীদের জন্য মোবাইল বিলের সুবিধা যুক্ত করা হচ্ছে। একইসঙ্গে প্রতিবন্ধী সন্তানের জন্য প্রথমবারের মতো বিশেষ ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

তিনি বলেন, নতুন বেতন কাঠামোর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মোবাইল বিলের সুবিধা পাবেন। পাশাপাশি কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

এর আগে, বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল অনুমোদন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন বেতন কাঠামো চলতি বছরের জুলাই থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন হবে ২০ হাজার টাকা।

নবম পে-স্কেলের নতুন সংযোজন হিসেবে প্রতিবন্ধী সন্তান ভাতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। কোনো সরকারি কর্মচারীর এক বা একাধিক প্রতিবন্ধী সন্তান থাকলে প্রত্যেক সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি মোবাইল ব্যবহারের জন্য নির্ধারিত বিল দেওয়ার সুবিধাও নতুন বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত