আদমদীঘিতে সারের চাহিদা নিয়ে কৃষক ও কৃষি বিভাগের হিসাবের তফাত দুই-তিনগুন

মোঃ হারেজুজ্জামান হারেজ, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলা একটি খাদ্য উদ্বৃত্ত জনপদ। উপজেলায় নানা ভাবে আবাদি জমি কমলেও বেড়েছে ফসল আবাদ করার পরিধি ও পরিমাণ। উচ্চ ফলন পেতে কৃষক বাড়িয়ে দিয়েছেন বেশি পরিমাণ সারের ব্যবহার।
এমন অবস্থায় সার প্রয়োগ ও চাহিদা নিয়ে কৃষক ও কৃষি বিভাগের হিসাবে মধ্যে দুই /তিনগুণ তফাত পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে নন-ইউরিয়া সার নিয়ে মাঠ পর্যায় থেকে উঠে এসেছে এমন চিত্র। এই উপজেলায় রোপাআমন, বোরো ও আউষ ধানের চাষাবাদ ছাড়াও আলু, সরিষা কাঁচা মরিচ, শাক-সবজি চাষাবাদ করা হচ্ছে বাণিজ্যিক ভাবে। এর সাথে যুক্ত হয়েছে বিপুল পরিমাণ মৎস্য চাষাবাদ।
কৃষি বিভাগ থেকে ফসল চাষাবাদে প্রতি বিঘার জন্য যে পরিমাণ গ্রান্যুলার ইউরিয়া, নন- ইউরিয়া (টিএসপি, ডিএপি ও এমওপি) সার প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয় ঠিক সে হিসাব ধরে সরকারের কাছে চাহিদা দেওয়া হয়। কিন্তু মাঠ পর্যায়ে কৃষক প্রয়োগ করেন দুই থেকে তিন গুণ বেশি পরিমাণ সার। এর মধ্যে আলু চাষাবাদে কৃষি বিভাগের নির্দেশনা মানেন না কোন কৃষক।
তারা ২ বস্তা (একশত কেজি) পর্যন্ত সার প্রয়োগ করেন। ফলে চাহিদার ঘাটতি দাঁড়ায় প্রায় ৮০ কেজির মত। আবার কাঁচা মরিচের ক্ষেতে প্রতি সপ্তাহে প্রতি বিঘায় কমপক্ষে প্রায় ৫০ কেজি করে সার প্রয়োগ করে থাকেন জানা যায়। এতে করে ঘাটতির মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। এই চাহিদা বা ঘাটতি পুরণ করতে পারে না সরকারি ভাবে বরাদ্দ করা পরিমাণ সার। এদিকে, কৃষকের এই চাহিদা ও সার প্রয়োগের বিষয়টি মানতে নারাজ কৃষি বিভাগ। ফলে এই ঘাটতি পুরণ করেন বড় বড় মজুতদার কালোবাজারি করা ব্যবসায়ীরা, এমনটাই দাবি করেন ডিলার, খুচরা ডিলার ও সার ব্যবসয়ীরা।
তারা এই সারগুলোকে ‘বাহিরের সার’ নামে অবিহিত করেন। কিন্তু কৃষি অফিসার বলেন, বাংলাদেশে বাজারজাত করা সব সারই ভর্তুকির সার। বাহিরের সার বলতে কিছু নাই। তবে মাঠ পর্যায়ে সরকারি সার ও বাহিরের সার বলে একটা বিভাজন বিদ্যমান রয়েছে সার ব্যবসায়ীদের মাঝে। এই কথিত বাহিরের সার বেচাকেনার সময় কোন রসিদ দেওয়া হয় না আবার কাগজে কলমে প্রমানও রাখেন না ডিলার, খুচরা ডিলার ও সার ব্যবসায়ীরা।
এসব অদৃশ্য অবৈধ সার মজুতদার প্রতিষ্ঠানগুলো ডিলার, খুচরা ডিলার ও সার ব্যবসায়ীদের নিকট বেশি দামে অবাধে বিক্রি করে আসছেন বলে দারি করেন উপজেলার ছোট বড় সব সার ব্যবসায়ী। এটা শুধু আদমদীঘি উপজেলায় নয় দেশজুড়ে চলে আসছে বলেও দাবি এসব সার ব্যবসায়ীদের। সার ব্যবসায়ীদের দাবি অফসিজনেও অবৈধ মজুতদারদের নিকট থেকে প্রতি বস্তা ডিএপি সার ১ হাজার ৪শত টাকার কমে কিনতে পাওয়া যায় না। একই ভাবে টিএসপি সার প্রতি বস্তা ৪ থেকে ৫শত টাকা ও দানাদার এমওপি সার দেড় থেকে ২শত টাকা বেশি দাম দিয়ে কিনতে হয় কৃষকদের চাহিদা মেটাতে।
এছাড়া সারের ব্যবসা চালু রাখা সম্ভব নয় বলে জানান সার ডিলার, খুচরা ডিলার ও সার ব্যবসায়ীরা। যে দামেই হোক তার বা তাদের নিয়মিত খদ্দের কৃষককে সার দিতে না পারলে আগের বকেয়া আদায় করা যায় না। বাধ্য হয়ে বেশি দামে বাহিরের সার কেনাবেচা করতে হয়।
অবৈধ সার মজুতদার তথা কালোবাজারিদের বিপুল পরিমাণ সার পাওয়ার উৎস বিষয়ে জানা যায়, সারের প্রতিটি বাফার গুদাম এলাকায় রয়েছে সরকারি বরাদ্দের ডিও কেনাবেচার সিন্ডিকেট। এছাড়া দেশের হাওড় বাওর ও সিটি করপোরেশন এলাকার অপ্রয়োজনীয় বিপুল পরিমাণ সার হাত বদল হয়ে চলে যায় চাহিদাপুর্ণ এলাকা তথা উত্তরাঞ্চলের ডিও ক্রেতাদের কাছে। এসব ডিও কেনা সিন্ডিকেট বেশ শক্তিশালী, তারা কাউকে পরোয়া করেন না বলে জানিয়েছেন তাদের নিকট থেকে সার কেনাবেচা করা সার ব্যবসায়ীরা।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্রের দাবি অনেক অসাধু ডিলার তার বরাদ্দের সার বাফার এলাকায় থাকা কালোবাজারি করা মজুতদারের নিকট বিক্রি করে দেয়। এরপর বোরো, রোপাআমন ও আলু চাষাবাদের সিজন ও পিকসিজনে এই সারগুলো হয়ে যায় তুরুপের তাস।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
