কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ, গ্রেফতার ২

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় এক চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ মার্চ) জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোশাররফ হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ওই নারীকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে পানগাঁও ঋষিপাড়ার নয়াবাড়ির একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে গত শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত তিন থেকে চারজন মিলে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
পুলিশ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, রোববার দুপুর ১১টার দিকে তাকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন যে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
