কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ নেত্রী ও মানবধিকার কর্মী আফসানার বাড়িতে হামলা

| আপডেট :  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬  | প্রকাশিত :  ০৮ আগস্ট ২০২৪, ০৮:৪২

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও মানবধিকার কর্মী আফসানার বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

কুমিল্লার বি-পাড়া উপজেলায় মোসা আফসানা আক্তারের বাড়িতে প্রকাশ্যে এ হামলা চালিয়েছেন বিএনপি, জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। হামলায় তার বাবা গুরুতর আহত হয়েছেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও হাতাহাতি ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের দুইদিন পরেই বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বি-পাড়া শাখার নেতাকর্মীরা এ হামলায় ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।

গত ৭ আগস্ট ২০২৪ দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে শশীদল ইউনিয়নের দেউশ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দলবদ্ধভাবে আফসানার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র নষ্ট করা হয়। এক পর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাতাহাতি হলে মো. মিজান সরকার (আফসানার বাবা) গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আফসানা আক্তারকে টার্গেট করে আসছিল একটি বিশেষ মহল। নারী অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, ছাত্র রাজনীতিতে সক্রিয়তা এবং সাম্প্রতিক সময়ে মুনিয়া হত্যার ন্যায়বিচারের দাবিতে সরব থাকার কারণে তিনি হামলাকারীদের চোখে কাঁটা হয়ে ওঠেন। তার সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আফসানা আক্তার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা। এসব করাণেই মূলত ৫ আগস্টের পর এ হামলা চালানো হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত