হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক

সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের সময় জুয়া ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল বাজার সংলগ্ন এলাকায় সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করে।
এ সময় কয়েকজন ব্যক্তি সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় এবং জুয়া পরিচালনায় লিপ্ত থাকলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে হেমায়েতপুর বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনা করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, প্রথমে সামান্য লাভের প্রলোভন দেখিয়ে পরে কৌশলে মানুষের টাকা হাতিয়ে নিত এই চক্র। জুয়া ও চাঁদাবাজি নিয়ে তাদের বিরুদ্ধে এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভও রয়েছে বলে জানা গেছে।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, ধারালো ও লোহার সরঞ্জাম, নগদ অর্থ, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে বিষয়টি স্থানীয় থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের ও উদ্ধারকৃত মালামাল তাদের জিম্মায় গ্রহণ করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অবৈধ কার্যক্রম দমনে সেনাবাহিনীর নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
