ইরানে নেতানিয়াহুর হা/ম/লা আটকে দিলেন ট্রাম্প

| আপডেট :  ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৫  | প্রকাশিত :  ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৫

ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় ছিল পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে সরকারি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রের মতো অবকাঠামোতে হামলা।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়াতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ইসরায়েলের ওই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, অক্টোবরের শুরুর দিকে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

পরিকল্পিত হামলার লক্ষ্যবস্তুর তালিকায় ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, দেশটির শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা এবং বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামো। সূত্রগুলোর দাবি, এই হামলা চালানো হলে তা গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলার চেয়েও ভয়াবহ হতে পারত।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু করতে চাননি ট্রাম্প। তবে ইসরায়েলের পরিকল্পিত হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিত কি না, তা স্পষ্ট নয়।

একটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান-ইসরায়েল সংঘাত আবার শুরু হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েল নতুন হামলার জন্য লক্ষ্যবস্তুর একটি তালিকাও তৈরি করেছে, যেখানে এমন কিছু বেসামরিক অবকাঠামো রয়েছে, যেগুলোতে আগে হামলা চালানো হয়নি।

অন্য একটি সূত্রের মতে, অক্টোবরের শুরুতে ইসরায়েলের সামরিক প্রস্তুতি ইরানের সঙ্গে আলোচনায় চাপ সৃষ্টির কৌশলও হতে পারে। তবে সংঘাত পুনরায় শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান গুরুত্বপূর্ণ ছিল।

এ বিষয়ে পেন্টাগনের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের গোপন ইসরায়েল সফরের খবরও প্রকাশিত হয়েছে। ওই সফরে তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও হুমকি নিয়ে আলোচনা হয়েছে।

তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত