ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে বৈঠক চান ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চীন ও রাশিয়ার সহযোগিতা চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে। তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে একটি বৈঠক হবে।
বৈঠকটি খুব দারুণ হবে।’
ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে ভালো অগ্রগতি হচ্ছে।
তার দাবি, ইরানকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হচ্ছে।
এ সময় যুক্তরাষ্ট্রের ‘অপারেশন আয়রন গেট’ চালুর কথাও জানান ট্রাম্প।
তার ভাষ্য, এই অভিযানের মাধ্যমে ইরানের স্থলপথে পণ্য ও সরবরাহ প্রবেশ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, ‘এর অর্থ হলো, স্থলপথে কিছুই প্রবেশ করতে পারবে না। আপনারা জানেন, নৌ অবরোধের কারণেও পানিপথে কোনো কিছু প্রবেশ করতে পারছে না।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) জোটের সদস্য ২১টি দেশ। অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এর উল্লেখযোগ্য সদস্য। জোটটির সদস্যদেশগুলোর নেতারা প্রতিবছর সম্মেলনে মিলিত হন।
তথ্যসূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
