ভারতকে ১০ উইকেটে হারিয়ে যা বললেন উচ্ছ্বসিত বাবর আজম

দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের হেড টু হেড পরিসংখ্যান ছিল ১২-০। বিশ্বকাপ মঞ্চের ভারতের বিপক্ষে কোনো জয়ই ছিল না দলটির। এবার সেই পরিসংখ্যানকে ১২-১ এ পরিণত করলেন বাবর আজম। তাও দারুণভাবে! বিরাট কোহলির দলকে পাত্তাই দিল না পাকিস্তান। ১০ উইকেটের ব্যবধানে ভারতকে হারিয়ে বিশ্বকাপ মঞ্চে নতুন ইতিহাস গড়েছে বাবর আজমের দল।
এমন ইতিহাস গড়া জয়ে উচ্ছ্বসিত পাক অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করেছি। শুরুর দিকে ভারতের তিন উইকেট ফেলে দেয়া আমাদের সহায়তা করেছে। প্রথম দিকে শাহীন আফ্রিদির নেওয়া উইকেটগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এরপর আমাদের স্পিনাররাও ভারতীয় ব্যাটারদের ওপর পূর্ণ প্রভাব বিস্তার করে । ব্যাটিংয়ে রিজওয়ানের সঙ্গে আমার পরিকল্পনাটি ছিল খুবই সাধারণ। আমরা উইকেটের ডিপে গিয়ে ব্যাটিংয়ের চেষ্টা করেছি। ৮ ওভারের পর থেকে শিশির পড়া শুরু করল এবং বল ব্যাটে আসা শুরু করল দারুণভাবে। এই সুযোগটা কাজে লাগিয়েই আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেল। জুটি গড়ায় আত্মবিশ্বাস পাই তখন।’
খেলায় কেমন চাপ অনুভব করেছেন প্রশ্নে বাবর আজমের জবাব, ‘না তেমন একটা চাপ অনুভব করিনি। আসলে ভারতের বিপক্ষে আমাদের অতীত রেকর্ড নিয়ে মাথা ঘামাইনি। আমি শুধু আমার সতীর্থদের সাহস জুগিয়েছি, যারা বেশ কিছুদিন ধরে দারুণ প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশ্বকাপের আগে আপনি যখন টুর্নামেন্ট খেলবেন, সেটা অবশ্যই সাহায্য করবে। এমন কিছু টুর্নামেন্ট খেলে বিশ্বকাপে এসেছে আমাদের খেলোয়াড়রা, এটি বিশ্বকাপ মঞ্চে আমাদের খুব সহায়তা করছে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
