দুবাইয়ের রাস্তায় ৮২ লাখ টাকা পেয়েও ফিরিয়ে দেন চট্টগ্রামের কফিলউদ্দিন

চট্টগ্রামের ফটিকছড়ি থানার গোপালঘাটা গ্রামের এক সন্তানের বাবা, কফিলউদ্দিন মুহুরি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের দেরায় আল সাবকার বুরি মসজিদ রোড এলাকায় থাকেন তিনি।
ভয়েস অব আমেরিকার খবর অনুযায়ী,গত ২৯ আগস্ট দুপুরে বাসার কাছে একটি গাড়ি পার্কিংয়ে পরিত্যক্ত অবস্থায় কালো টেপে মোড়ানো একটি বান্ডিল দেখতে পান তিনি। এ সময় কোনো মালিকের খোঁজ না পেয়ে বান্ডিলটি বাসায় নিয়ে যান।
বান্ডিল খুলে ৩ লাখ ৫০ হাজার রিয়াল অর্থ দেখতে পান কফিলউদ্দিন। পরবর্তীতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী রেস্টুরেন্টে জানিয়ে রাখেন যে, কেউ এ অর্থের সন্ধান করলে যেন তার সঙ্গে যোগাযোগ করে।
এভাবে অপেক্ষা করে অর্থের কোনো দাবিদার না পেয়ে গত ৫ সেপ্টেম্বর নায়েফ পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে সেই অর্থ জমা দেন কফিলউদ্দিন।
আর সততার এমন দৃষ্টান্ত দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রশংসায় ভাসছেন পেশায় রক্ষণাবেক্ষণ ঠিকাদার এই বাংলাদেশি।
এ ঘটনার জন্য তাকে সম্মাননা জানিয়েছে দুবাই পুলিশ। সম্প্রতি এ উপলক্ষে নায়েফ থানায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপ-পরিচালক কর্নেল ওমর আশুর, কফিলউদ্দিনের হাতে এমন আচরণের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ এবং একটি প্রতীকী উপহার তুলে দেন।
সেই সঙ্গে দেশটির বিভিন্ন জাতীয় পত্রিকায় ফলাও করে প্রকাশ করা হয়েছে কফিলউদ্দিন মুহুরির এই সততার খবর। দুবাই পুলিশ এভাবে সম্মানিত করায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কফিলউদ্দিন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
