বাংলাদেশের ৯ম ক্রিকেটার হিসেবে ১৫০ তাইজুলের

চট্টগ্রামের সাগরিকায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের স্পিন বিষে নীল হলো সফররত পাকিস্তান। এ ম্যাচে বল হাতে পাকিস্তানের ৭ উইকেট তুলে নেন তাইজুল। এতে করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশর শীর্ষ উইকেট শিকারি হন তিনি। এছাড়াও নবম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেট শিকারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি। শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।
চোটের কারণে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকায় চট্টগ্রাম টেস্টে তাইজুলের প্রতি টাইগারদের নির্ভরতা ছিল। দ্বিতীয় দিনে সফল না হলেও তৃতীয় দিনে এসে নিজের ভেল্কি দেখান।
১৪৭ উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্ট খেলতে নামা তাইজুল তৃতীয় দিনের শুরুতেই শফিক ও আজহার আলীকে ফিরিয়ে ১৪৯তম শিকার করেন। লাঞ্চের আগেই ফাওয়াদ আলমকে সাজঘরে ফেরত পাঠিয়ে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি স্পিনার। ইনিংসে তাইজুল ৭ উইকেট পাওয়ায় তার শিকার সংখ্যা এখন ১৫৪ উইকেট।
তাইজুলের আগে বাংলাদেশের হয়ে দেড়শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ৮ ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রফিক, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
একনজরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১০ উইকেটশিকারি
* সাকিব আল হাসান – ৬০৯ উইকেট
* মাশরাফি বিন মুর্তজা – ৩৮৯ উইকেট
* আব্দুর রাজ্জাক – ২৭৯ উইকেট
* মোস্তাফিজুর রহমান – ২৪৩ উইকেট
* মোহাম্মদ রফিক – ২২০ উইকেট
* রুবেল হোসেন – ১৯৩ উইকেট
* মেহেদী হাসান মিরাজ – ১৭৩ উইকেট
* মাহমুদউল্লাহ রিয়াদ – ১৫৭ উইকেট
* তাইজুল ইসলাম – ১৫০ উইকেট
* শাহাদাত হোসেন – ১২৩ উইকেট
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
