পেঁয়াজ, রসুন ও মরিচ দিয়ে স্মৃতিসৌধ অঙ্কন

| আপডেট :  ২৪ মার্চ ২০২২, ১২:১০  | প্রকাশিত :  ২৪ মার্চ ২০২২, ১২:১০

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী’ মেলায় পেঁয়াজ, রসুন ও মরিচ দিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় পতাকা অংকন করা হয়েছে। নান্দনিক এই শিল্পকর্মটি তৈরি করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জানা গেছে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ থেকে উপজেলা প্রশাসন ও পরিষদ চত্বরে সাতদিন ব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়।

বুধবার(২৩ মার্চ) খোঁজ নিয়ে দেখা যায়, মেলায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩২ টি স্টল অংশগ্রহণ করেছে। এরমধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলের সামনে বিভিন্ন কৃষি উপকরণ প্রদর্শনীর পাশাপাশি মাটিতে পেঁয়াজ, রসুন,মরিচ দিয়ে স্মৃতিসৌধ ও জাতীয় পতাকা অংকন করা হয়েছে। নান্দনিক এই শিল্পকর্মটি দেখতে প্রতিদিন দর্শনার্থীরা ভীড় জমায় স্টলে। অনেকেই ব্যস্ত হয়ে পড়েন সেলফি কিংবা ছবি তুলতে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে কাঠের ভুসির সাথে রং মিশিয়ে এই শিল্পকর্মটি তৈরি করা হয়েছে। জমির উপর ৮ কেজি পেঁয়াজ ও ৫ কেজি রসুন দিয়ে ফুটিয়ে তোলা হয়ে স্মৃতিসৌধ। শিল্পকর্মটির উপরিভাগে ২ কেজি কাঁচামরিচ ও ১ কেজি লালমরিচ দিয়ে ফুটিয়ে তোলা হয় জাতীয় পতাকা। শিল্পকর্মটির দৈর্ঘ্য সাড়ে ৭ ফুট ও প্রস্থ সাড়ে ৫ ফুট।

উপজেলা সহকারি কৃষি অফিসার সুমন সরকার বলেন মেলায় অনেক স্টল থাকলেও ব্যতিক্রম এই শিল্পকর্মটির জন্য আমাদের স্টলে দর্শনার্থীরা ভীড় ছিল বেশি। সবাই আমাদের কাজের প্রশংসা করায় নিজেরা খুবই আনন্দিত।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি বলেন ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী’ মেলা উপলক্ষে ব্যতিক্রম কিছু করার ভাবনা থেকেই পেঁয়াজ, রসুন ও মরিচ দিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় পতাকা অংকন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা যে খাদ্যে স্বয়ং সম্পন্ন এই শিল্পকর্ম তৈরির মধ্য দিয়ে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চেষ্টা করেছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত