জাপানে মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা গ্রে/প্তা/র

| আপডেট :  ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯  | প্রকাশিত :  ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯

জাপানের ওকিনাওয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ওকিনাওয়া প্রিফেকচারাল পুলিশের এক মুখপাত্র।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দ্বীপটিতে মার্কিন সেনাসদস্যদের অপরাধ ঠেকাতে গত সপ্তাহেই নতুন কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়েছে টোকিও ও ওয়াশিংটন। এক মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার পর এ নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছিল।

জাপানে যুক্তরাষ্ট্রের প্রায় ৫৪ হাজার সেনাসদস্য অবস্থান করছেন, যাদের বেশির ভাগই ওকিনাওয়ায়। তাদের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন অপরাধ দুই ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্রের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই অস্বস্তির কারণ হয়ে আছে।

গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানান, নিম্নপদস্থ সেনাসদস্যদের ওপর আরোপিত রাতের চলাচলের নিষেধাজ্ঞা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে। পাশাপাশি রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব সেনাসদস্যের বাড়ির বাইরে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে।

ওকিনাওয়া পুলিশের মুখপাত্র জানান, শনিবার রাত ৩টা ৯ মিনিটের দিকে ওকিনাওয়া শহরের একটি সড়কে গাড়ি চালানোর সময় ২৭ বছর বয়সী ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

তবে তিনি মার্কিন সামরিক বাহিনীর আরোপ করা রাতের নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিলেন কি না, তা স্পষ্ট নয় বলে জানান ওই মুখপাত্র।

কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই কর্মকর্তা ওকিনাওয়ার কাদেনা বিমানঘাঁটিতে কর্মরত ছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে ঘাঁটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পাওয়া যায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত