গফরগাঁওয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, চারজন কারাগারে

| আপডেট :  ২১ এপ্রিল ২০২২, ০১:০৫  | প্রকাশিত :  ২১ এপ্রিল ২০২২, ০১:০৫

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির মামলায় চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২০ এপ্রিল) বিকাল ৫ টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলা হলে বিচারক মোহাম্মদ ইমাম হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- সাইফুল ইসলাম খান, আইনাল ইসলাম, জোবায়ের হাসান ও গাড়িচালক মো. ইসহাক। তাদের মধ্যে সাইফুল ও আইনালের কাছ থেকে এশিয়ান টিভি এবং জোবায়ের হাসানের কাছ থেকে আমাদের বার্তা পত্রিকার পরিচয়পত্র সংগ্রহ করে পুলিশ।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক প্রসূন কান্তি দাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেফতার ওই চারজনকে বিকেলে আদালতে তুলে গফরগাঁও থানা পুলিশ। পরে বিচারকের নির্দেশে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহাম্মেদ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে গফরগাঁও পৌর শহরের খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে ভিডিও ধারণ করে। প্রধান শিক্ষিকা রহিমা খাতুন ক্লাসে থাকা অবস্থায় বিনা অনুমতিতে তার বাসা ও ছাত্রী হোস্টেলে গিয়ে ভিডিও ধারণ করে পাঁচলাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তারা প্রধান শিক্ষিকার বাসার আসবাবপত্র তছনছ করে, ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৭৫ হাজার টাকা নিয়ে নেন। পরে ঘটনাটি কৌশলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায়ের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করা হয়। পরে ওইদিন সন্ধ্যার পর প্রধান শিক্ষিকা রহিমা খাতুন বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের আদালতে তুলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত