আদমদীঘিতে কথিত জ্বীনের বাদশা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি আদমদীঘিতে ধর্মীয় কথাবার্তা বলার সাথে নানা ধরনের প্রলোভন দেখিয়ে নগদ ১ লাখ ২৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর স্বর্ণালংকার নেওয়ার সময় মজনু মিয়া (৩৫) নামের এক কথিত জীনের বাদশাহ পরিচয়দানকারী এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মজনু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিম পাড়ার মোজাম্মেল হকের ছেলে। আর ভুক্তভোগী আজাহার আলী মোল্লার বাড়ির আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাগিচাপাড়ায়।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মজনু মিয়াসহ অভিযুক্তরা ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রথমে তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলেন।
এরপর জীনের বাদশাহের পরিচয় দিয়ে তার স্বামীর সাথে কথা বলতে চান। তারা ভুক্তভোগীকে একটি উট কোরবানির জন্য দেড় লাখ টাকা দিতে বলেন। এই টাকা দিলে ৭ হাঁড়ি স্বর্ণ মুদ্রা পাবেন। সরল বিশ্বাসে প্রতারকদের কথামতো উপজেলা পরিষদের মসজিদের পিছনে একটি কড়ই গাছের নিচে গিয়ে তাদের চাহিদা মত টাকা দেন। এসময় তার স্ত্রীর হাতে কাগজ দিয়ে মোড়ানো একটি পুতুল তুলে দেন তারা। কিন্তু উট কোরবানি না হওয়া পর্যন্ত ওই পুতুল খুলতে নিষেধ করেন। পরের দিন প্রতারকরা আরও টাকা চায়। কিন্তু তিনি টাকা দিতে না পারায় স্ত্রীর গহনা নিয়ে আসতে বলেন।
সেই মোতাবেক শনিবার (১৪ নভেম্বর) বিকেলে স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে উপজেলার পুকুর পাড়ে কড়ই গাছের নিচে আসেন আজাহার আলী মোল্লা। এরপর সেখানে রেখে যান। প্রতারকরা সেটি নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় মজনু মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য অভিযুক্তরা পালিয়ে যায়। গ্রেপ্তার মজনু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা করা হয়েছে। এঘটনায় গ্রেপ্তার মজনু মিয়া ছাড়াও সাজু মিয়া (৪৫) ও মোস্তফা (২৫) নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম সাংবাদিকেদর নিকট মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
