নতুন ছিনতাইকারী চক্র ‘জানাজা পার্টি’

| আপডেট :  ০৯ আগস্ট ২০২৩, ০৫:৫০  | প্রকাশিত :  ০৯ আগস্ট ২০২৩, ০৫:৫০

মাদারীপুরের শিবচরে এক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার জানাজায় হাতেনাতে মোবাইল চুরির সময় সুমন মোল্লা নামের ‘জানাজা পার্টি’র এক সদস্যকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়অ তথ্যে সাতটি মোবাইল উদ্ধার করা হয়। জানাজা পার্টির বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। চারজনের এই দলের সদস্যরা দেশের বড় বড় জানাজায় গিয়ে দামি মোবাইল চুরি করে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বাদ যোহর জেলার শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন সাতটি থানার এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজায় হাজারো মানুষের ঢল নামে। অংশ নেন সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয়-জেলা,উপজেলার নেতৃবৃন্দসহ হাজারো মানুষ। প্রচণ্ড ভিড়ের মধ্যে চুরি হয় অসংখ্য মোবাইল। এসময় ঐতিহ্যবাহী বাহাদুরপুর মঞ্জিলের পীর আবদুল্লাহ্ মুহাম্মদ হাসানের পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে সুমন মোল্লা নামের এক চোর।

স্থানীয়রা ওই চোরকে পুলিশে দিলে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
সুমন জানায়, তারা চারজনের একটি চোরের দল এই জানাজায় কয়েকটি মোবাইল চুরি করে। পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে সাতটি মোবাইল উদ্ধার করে বলে বুধবার প্রেস কনফারেন্সে জানায়। তবে আর কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা যায়, চোরের এই দলটি ঢাকার কবরস্থান, ময়মনসিংহ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের বড় বড় জানাজায় গিয়ে মোবাইল চুরি করে। এক্ষেত্রে তারা পরিস্কার পাঞ্জাবি, পায়জামা পরে যাতে কেউ সন্দেহ না করে। সুমন মোল্লা ঢাকার জুরাইনের হকারি করে। এই চোরচক্র ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় সম্পৃক্ত বলে জানা গেছে।

সুমন মোল্লা (৩০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের মোতালেব মোল্লার ছেলে।

চোরচক্রের অন্য সদস্যরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনপাড়ার ছামসুল হকের ছেলে মো. শাহজাহান, ঢাকার শনিরআখড়ার কদমতলীর জসিম (৪০), ঢাকার পল্লবীর আনিচ (৩৬)।

মামলার বাদী শিবচর পৌরসভার কাউন্সিলর বাবুল ফকির জানান, গতকালের জানাজা অনেক বড় ছিল। এসময় আমার মোবাইলসহ অনেকগুলো মোবাইল চুরি হয়। এসময় পীর সাহেবের মোবাইল চুরির সময় এক চোর ধরা পড়ে। পরে পুলিশ সাতটি মোবাইল উদ্ধার করে। ওর মাধ্যমে জানাজাগুলোতে যারা মোবাইল চুরি করে এই চক্র ধরতে পারে পুলিশ।

শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, জানাজা পার্টির সদস্যরা বিভিন্ন পেশার বেশে ঢাকায় হকারিসহ বিভিন্ন কাজ করে। আর বড় বড় জানাজায় গিয়ে দামি মোবাইলগুলো চুরি করে। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। অভিযান চলছে।

সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, এরা মূলত জানাজা পার্টি নামে পরিচিত। ঢাকা, ময়মনসিংহ-সহ বিভিন্ন এলাকায় বড় বড় জানাজায় এরা দামি মোবাইল চুরি করে। ভালো পোশাক পরিচ্ছদ করে এরা সবার মাঝে মিশে থাকে। আমরা চারজনের দলটিকে শনাক্ত করেছি। মামলা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত