কেরানীগঞ্জে বিয়ে-জন্মদিনসহ অনুষ্ঠানের নামে ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি: বিয়ে, মুসলমানী, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানের নামে অর্থনৈতিক চাপ সৃষ্টি ও ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের দড়িগাও বাজারের স্থানীয় যুবকরা। আজ বৃহস্পতিবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “বিয়ের দাওয়াতের নামে মানুষকে নিমন্ত্রণ করে টেবিল বসিয়ে অর্থ আদায় করা হচ্ছে, যা সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। বিশেষ করে যারা দিন এনে দিন খায়, তাদের জন্য এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা একপ্রকার ‘জুলুম’ হয়ে দাঁড়িয়েছে। সামাজিকতার কারণে তারা বাধ্য হয়ে এসব দাওয়াতে অংশ নিলেও অর্থের চাপ তাদের জন্য বোঝা হয়ে যাচ্ছে।”
স্থানীয় যুবকরা আরও বলেন, “বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলোকে পবিত্রভাবে পালন করা উচিত, কিন্তু বর্তমানে তা ব্যবসায়িক রূপ নিচ্ছে। আমরা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে বাল্যবিবাহ বন্ধেরও দাবি জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, “বাল্যবিবাহ শুধু একটি মেয়ের ভবিষ্যৎই নয়, সমাজের সার্বিক অগ্রগতিতেও বাধা সৃষ্টি করে। সুতরাং, এ ধরনের কুপ্রথা বন্ধে প্রশাসনসহ সমাজের সবার সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে একমত পোষণ করেন এবং এই ধরনের সামাজিক ব্যাধি দূরীকরণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
