বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, গলাচিপায় ১৪৪ ধারা জারি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলায় জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা।
উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা থেকে এই উত্তেজনার সূত্রপাত।
শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। এরপরই উপজেলাজুড়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গলাচিপা উপজেলাধীন চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নের সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের যুগপৎ কর্মসূচির ঘোষণার প্রেক্ষিতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা রয়েছে।
ঘোষণায় আরও বলা হয়, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা ও এর আশপাশের এলাকায় ১৩ জুন সকাল ৮টা থেকে ১৪৪ ধারা জারি করা হলো।
এ সময়ে উল্লিখিত এলাকায় সব সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজামায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
