ডিসি কাপ ফুটবলে জয়ের মুকুট কেরানীগঞ্জের

| আপডেট :  ২৯ জুলাই ২০২৫, ০৮:১৪  | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২৫, ০৮:১৪

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে সেরা দল হওয়ার গৌরব অর্জন করেছে কেরানীগঞ্জ উপজেলা।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে তারা ২-১ গোলের ব্যবধানে ধামরাই উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে হিমেল ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন। খেলা শেষে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এর আগে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই পর্বের সেমিফাইনালে কেরানীগঞ্জ ৩-২ গোলে সাভারকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ধামরাই ৪-০ গোলে দোহারের বিপক্ষে জয়ে ফাইনাল নিশ্চিত করে।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিবসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত