বুড়িগঙ্গার তীরে সাবেক প্রতিমন্ত্রীর অবৈধ বাংলো উচ্ছেদ

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউটাল এলাকায় বুড়িগঙ্গা নদীর জায়গা দখল করে নির্মিত সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি ভেঙে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার (২০ আগস্ট) সকাল থেকে বিআইডব্লিউটিএর অভিযান শুরু হয়। এ সময় বিপুলসংখ্যক শ্রমিক ও যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধভাবে দখলকৃত বাংলো বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীর তীর দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কোন্ডা ইউনিয়নের কাউটাল এলাকায় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা এ বাংলো বাড়ি উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।তিনি জানান, নদী রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী যেকোনো দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে নদীর জায়গা দখল করে এ বাংলো বাড়ি নির্মাণ করা হলেও আজকের অভিযানে সেটি ভেঙে ফেলা হয়েছে। এতে নদী দখলমুক্ত করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
