ইকুরিয়া জেনারেল হাসপাতালে প্রসূতির মৃত্যু, ক্ষতিপূরণে ধামাচাপার অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় খাদিজা আক্তার তানিয়া (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত তানিয়ার বাড়ি রাজধানীর পোস্তগোলার আর্শিন গেইট এলাকায়। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অংকের টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে স্বজনরা।
গত শনিবার দুপুরে চিকিৎসায় অবহেলার কারণে তানিয়ার মৃত্যু হলে ক্ষুব্ধ স্বজনরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল ঘেরাও করে রাখে। পরে পুলিশের আশ্বাসে তদন্তের আশ্বাস পেয়ে তারা সরে যান।
সরেজমিনে দেখা যায়, মৃত্যুর ঘটনাটি আড়াল করতে হাসপাতাল কর্তৃপক্ষ আর্থিক সমঝোতার চেষ্টা চালাচ্ছে। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই রফাদফরের প্রক্রিয়া। অভিযোগ রয়েছে, ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লার নাম ব্যবহার করে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
নিহতের এক স্বজন অভিযোগ করে বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের রাজনৈতিক নেতার ভয় দেখাচ্ছে। তারা বলছে ৩ লাখ টাকার বিনিময়ে মীমাংসা করতে হবে, না হলে বিপদে পড়তে হবে।”
স্থানীয় বাসিন্দা রুবেল আহমেদ বলেন, “দুই বছর আগে আমার ভাবীর ক্ষেত্রেও একই রকম ভুল চিকিৎসা হয়েছিল। সিজার করার পরও সন্তান বাঁচাতে পারেনি হাসপাতাল। মাঝে মাঝেই এ হাসপাতালে এমন ঘটনা ঘটে, কিন্তু প্রশাসনের নজরদারি না থাকায় কর্তৃপক্ষ বারবার পার পেয়ে যাচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লা বলেন, “আমি এই ঘটনার কিছুই জানি না। ষড়যন্ত্রমূলকভাবে আমার নাম জড়ানো হয়েছে।”
অন্যদিকে, ইকুরিয়া জেনারেল হাসপাতালের ম্যানেজার পরিচয়দানকারী কারিমুল হাসান আর্থিক রফাদফরের অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
