কুমিল্লায় নারী মানবধিকার কর্মী আফসানার বাড়িতে সন্ত্রাসী হামলা

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭  | প্রকাশিত :  ০৮ আগস্ট ২০২৪, ০৯:৪৩

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বি-পাড়া উপজেলায় নারী মানবধিকার কর্মী মোসা আফসানা আক্তারের বাড়িতে প্রকাশ্যে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। হামলায় তার বাবা গুরুতর আহত হয়েছেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও হাতাহাতি ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বি-পাড়া শাখার নেতাকর্মীরা এ হামলায় জড়িত।

গত ৭ আগস্ট ২০২৪ দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে শশীদল ইউনিয়নের দেউশ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দলবদ্ধভাবে আফসানার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র নষ্ট করা হয়। এক পর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাতাহাতি হলে মো. মিজান সরকার (আফসানার বাবা) গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আফসানা আক্তারকে টার্গেট করে আসছিল একটি বিশেষ মহল। নারীদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, ছাত্র রাজনীতিতে সক্রিয়তা এবং সাম্প্রতিক সময়ে মুনিয়া হত্যার ন্যায়বিচারের দাবিতে সরব থাকার কারণে তিনি হামলাকারীদের চোখে কাঁটা হয়ে ওঠেন। তার সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নারী মানবধিকার কর্মী ও সামাজিক সংগঠনগুলো বলছে, এ ধরনের হামলা কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো নারী অধিকার আন্দোলনকেই স্তব্ধ করে দেওয়ার চেষ্টা। সচেতন মহলের মতে, আফসানা আক্তারের মতো সোচ্চার তরুণীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত