ছাত্রলীগ নেত্রী ও মানবধিকার কর্মী আফসানার প্রচেষ্টায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল তরুণী

| আপডেট :  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০  | প্রকাশিত :  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬

কুমিল্লায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল মাত্র ১৬ বছর বয়সের এক কিশোরী। গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখেন নারী অধিকার সংগঠন উইমেন রাইটস অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা জেলা শাখার ছাত্রী বিষয়ক সম্পাদিকা মোসা. আফসানা আক্তার।

বাল্যবিয়ে হচ্ছে এ খবর পাওয়ার পরপরই আফসানা কয়েকজন সচেতন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। অল্প সময়ের মধ্যেই পুলিশও সেখানে উপস্থিত হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিয়ের পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমদিকে পরিবার বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও আফসানা আক্তার শিক্ষার্থীদের সহযোগিতা ও পুলিশের উপস্থিতিতে ধৈর্যসহকারে বুঝিয়ে বলেন যে, ১৮ বছরের আগে মেয়ে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে জেল-জরিমানার বিধান রয়েছে। একইসঙ্গে তিনি অল্প বয়সে বিয়ের ফলে শিক্ষাজীবন ও স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব সম্পর্কে বিস্তারিত জানান।

প্রথমে পরিবার অনড় থাকলেও শেষপর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং তরুণ প্রজন্মের যুক্তিপূর্ণ প্রচেষ্টার কারণে তারা বিয়েটি স্থগিত করতে সম্মত হয়। ঘটনাস্থলে উপস্থিত কিশোরী কেঁদে কেঁদে বলেন— আপারা না এলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত।

এ বিষয়ে আফসানা আক্তার বলেন, সচেতনতা, তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশের আন্তরিক সহযোগিতা থাকলে বাল্যবিবাহের মতো সামাজিক অন্যায় সহজেই রোধ করা সম্ভব।

এলাকাবাসী এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত