দুমকিতে মাদক ব্যবসায় বাধা: সামাজিক অনুষ্ঠানের ছবিকে ঘিরে কুচক্রী মহলের অপপ্রচার

বরিশাল প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু পুরনো ছবি ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ও বিভিন্ন পেজের মাধ্যমে পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) জনাব আলতাফ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
অভিযোগে বলা হয়, উপজেলার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী জাকির হোসেন ওয়াসিমের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় তরুণদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
প্রচারিত ছবিগুলো আসলে ২০২০ সালে দুমকি এ.কে. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে তোলা। দল-মত নির্বিশেষে আয়োজিত ওই রিইউনিয়ন করোনাজনিত কারণে বাতিল হয়ে যায় এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে সংগৃহীত অর্থ স্বচ্ছতার সঙ্গে অংশগ্রহণকারীদের ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা জানান, খালিদ হাসান রাফি উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। একইভাবে সৈয়দ রিয়াদ দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন। তারা দুজনেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ কর্মী। অথচ এসব তরুণদের সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা কিংবা বন্ধুদের সঙ্গে তোলা ছবিকে বিকৃতভাবে ব্যবহার করে তাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
নেতারা আরও বলেন, কৈশোর থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলকে ভালোবেসে কাজ করা হয়েছে, কখনোই ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করা হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের বর্তমান ক্রান্তিকালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
একইসঙ্গে জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়—জননেতা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর হাতকে আরও শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
