আওয়ামী কর্মীদের হামলায় যুবক আহত,৫ লাখ টাকা লুটের অভিযোগ

| আপডেট :  ০১ নভেম্বর ২০২৫, ০৭:৫৮  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২৫, ০৭:৫৮

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব জাজিরা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত একদল ব্যক্তির হামলায় জিয়াউর রহমান (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহতের স্ত্রী মোছা. রুমা আক্তার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন, যা পরবর্তীতে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত ৩১ অক্টোবর সকাল ১০টার দিকে আনু বাজার ইটখোলা এলাকা থেকে নিজ বাড়ি ফেরার পথে জিয়াউর রহমানের ওপর একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা লাঠি, লোহার রড, দা, চাপাটি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। এসময় তারা তাকে এলোপাথারি মারধর করে গুরুতর জখম করে এবং তার কাছ থেকে ইট বিক্রির ৪ লাখ ৮০ হাজার টাকা লুট করে নেয়।

অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন— মোঃ সুরুজ্জামান মন্ডল, মোঃ জয়নাল মন্ডল, মোঃ সাজ্জাদ মন্ডল, মোঃ আলী আজগর মন্ডল, মোঃ সিদ্দিক, ডা. রুবেল, সামসুল মন্ডল, মোঃ শরিফ হাসান, জনি ও আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

ভুক্তভোগী পরিবারের দাবি, সুরুজ্জামান মন্ডল ‘ডেভিলহান্ট’ অভিযানে গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর সন্দেহ করেন যে জিয়াউর রহমানই তাকে ধরিয়ে দিয়েছিলেন। এর জের ধরে তিনি ও তার সহযোগীরা প্রতিশোধমূলক হামলা চালান।

স্থানীয়রা গুরুতর আহত জিয়াউর রহমানকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত