কেরাণীগঞ্জে জাবালে নূর টাওয়ারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর এলাকায় জাবালে নূর সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন শনিবার দুপুর পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একযোগে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, এ ঘটনায় ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধোঁয়া ও তাপের কারণে উদ্ধার তৎপরতায় জটিলতা তৈরি হলেও অভিযান অব্যাহত রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তারা নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে।
শনিবার সকালে আয়োজিত এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনের বেজমেন্টে থাকা একটি জুটের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আগুন নেভাতে বেজমেন্টের একাধিক গোডাউনের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। ঘন ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হলেও আগুন যেন আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস আরও জানায়, অগ্নিকাণ্ডস্থলে কোনো ধরনের দাহ্য কেমিক্যাল বা বিস্ফোরক উপাদানের অস্তিত্ব পাওয়া যায়নি। বিস্ফোরণের কোনো চিহ্নও মেলেনি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে বাবুবাজার সংলগ্ন ওই মার্কেট কাম আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ভবনের নিচতলায় জুট ও পোশাকের গুদাম থাকলেও ওপরের তলাগুলোতে বসবাস করতেন মানুষ।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। তিনি জানান, ভবনটির অনুমোদন ও নকশা অনুযায়ী নির্মাণ হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্যারেজ হিসেবে নির্ধারিত স্থানে গোডাউন তৈরি করা হয়েছে, যা বিল্ডিং কোডের পরিপন্থী।
ইউএনও আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
