বিপুলসংখ্যক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি

| আপডেট :  ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৩  | প্রকাশিত :  ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রবাসী ভোটের স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে বিদেশে একটি বাসায় বসে বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট গণনার দৃশ্য দেখা যাওয়ার পর নির্বাচন কমিশনের কাছে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা এই কর্মকাণ্ডে জড়িত।

ভাইরাল হওয়া মূল ভিডিওটির দৈর্ঘ্য ৭ মিনিট ৩২ সেকেন্ড। এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একত্রে বসে পোস্টাল ব্যালটের খাম গুনছেন। খামগুলোর ওপর বাহরাইনের ঠিকানা লেখা রয়েছে। ভিডিওতে একজনকে ভিডিও ধারণে বাধা দিতে শোনা যায়। তিনি বলেন, ভিডিও করা যাবে না এবং ফেসবুকে ছড়ানো যাবে না। আরেকজনকে বলতে শোনা যায়, এতে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে।

যাচাইয়ে দেখা গেছে, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়। একই ধরনের আরেকটি ২৭ সেকেন্ডের ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে একাধিক পোস্টাল ব্যালট গণনার দৃশ্য দেখা যায়। ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে জুনায়েন বিন সাদ নামের একজন দাবি করেন, এটি ওমানে জামায়াতের একজন নেতার বাসার দৃশ্য। অন্যদিকে, দীর্ঘ ভিডিওটি বাহরাইনে জামায়াতের একজনের বাসায় ধারণ করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে।

ছোট ভিডিওটিতে চট্টগ্রাম-৩ আসনের নাম উল্লেখ করতে শোনা যায়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, তারা বিষয়টি অবগত হয়েছেন। ভিডিওটি দেশের বাইরে ধারণ করা হলেও কোন দেশে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছেন—এমন ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি ভোটে কারচুপির চেষ্টা করে, তাহলে তাদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় ব্লক করা হবে।

বিএনপির দাবি, যারা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। একইভাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত