এমন বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিস

| আপডেট :  ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৯  | প্রকাশিত :  ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৯

শক্তি হারিয়ে দুর্বল হয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বর্তমানে ঝড়টি দক্ষিণ উড়িষ্যা ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

যার প্রভাব পড়েছে বাংলাদেশে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টি ঝরছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চার দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে কোথাও ভারি বর্ষণের আশঙ্কা করছে সংস্থাটি।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামীকাল শনিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময়ের মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (২২ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনে সামান্য বাড়তে পারে।

এ ছাড়া সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যশোরে দেশের সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে ১২৩ মিলিমিটার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত