মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর এসেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে। আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর নতুন ফি কাঠামোর মাধ্যমে ই-পাসপোর্টের খরচ গড়ে প্রায় ১৫ শতাংশ কমানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিঙ্গিতে বড় ধরনের বিনিময় হার পরিবর্তনের কারণে ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।
হাইকমিশন সূত্রে জানা গেছে, গত ছয় মাসের গড় বিনিময় হার বিবেচনায় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের ১০ শতাংশ সারচার্জ যুক্ত করে নতুন ফি নির্ধারণ করা হয়েছে।
নতুন ফি কাঠামো অনুযায়ী প্রধান ক্যাটাগরি অনুযায়ী খরচের বিস্তারিত:
সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী:
৪৮ পাতা (৫ বছর): ১৬৪ → ১৪০ রিঙ্গিত
৪৮ পাতা (১০ বছর): ২৭৩ → ২৩৩ রিঙ্গিত
৬৪ পাতা (৫ বছর): ৮১৭ → ৬৯৫ রিঙ্গিত
৬৪ পাতা (১০ বছর): ৯৫৩ → ৮১০ রিঙ্গিত
অন্যান্য পেশাজীবী ও ভিসা ক্যাটাগরি:
৪৮ পাতা (৫ বছর): ৫৪৫ → ৪৬৫ রিঙ্গিত
৪৮ পাতা (১০ বছর): ৬৮১ → ৫৮০ রিঙ্গিত
৬৪ পাতা (৫ বছর): ৮১৭ → ৬৯৫ রিঙ্গিত
৬৪ পাতা (১০ বছর): ৯৫৩ → ৮১০ রিঙ্গিত
এছাড়া ইএসকেএল সার্ভিস চার্জ (আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুত, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং ও পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট) সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ৩২ রিঙ্গিত এবং অন্যান্যদের জন্য ৬০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে।
হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে, নির্ধারিত তারিখের পর নতুন হারে ফি পরিশোধ করে সেবা গ্রহণ করতে। প্রবাসী বাংলাদেশিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, যা ই-পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট গ্রহণের ক্ষেত্রে তাদের আর্থিক চাপ অনেকাংশে হ্রাস করবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
