রংপুরে লাঙলের জানাজার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল

জাতীয় পার্টির দুর্গ খ্যাত রংপুরে এবার একটিও আসন পায়নি দলটি। নির্বাচনে সারা দেশে ১৯৬ আসনে প্রার্থী দিলেও কোথাও জয়ের মুখ দেখেননি লাঙল প্রতীকের প্রার্থীরা। প্রতিষ্ঠার চার দশক পর এবারেই প্রথম এমন ভরাডুবির মুখে পরেছে দলটি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রংপুরসহ সারাদেশে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা ঝড়।
এদিকে আলোচনা-সমালোচনার ঝড়ের মধ্যেই লাঙল সামনে রেখ জানাযার নামাজের একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ভাইরাল ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে তার জানাজার নামাজ পড়ছে কয়েকজন যুবক। ছবিটি ফেসবুক পেজে শেয়ারের সময় লেখা হয়েছে, রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের জানাজার নামাজ সম্পন্ন হলো।
তবে ছবিটির সত্যতা ও সময়-স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ছবিটি প্রকাশের পর এটি ঘিরে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে মন্তব্য করছেন নেটিজেনরা।
সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, দলটির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে ভোটের হিসেবে তৃতীয় হয়েছেন। অন্যদিকে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়াও রংপুরের অন্যান্য আসনগুলোতেও জাতীয় পার্টির প্রার্থীরা তৃতীয় হয়েছেন এবং একজন প্রার্থী ৪র্থ হয়েছেন।
দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর বাড়ি রংপুর শহরে হওয়ায় লাঙলের শক্ত ভোটব্যাংক ছিল। বিশেষ করে রংপুর সদর ৩ আসনটি ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির দখলে ছিলো। সেই আসনও এবার হাতছাড়া হয়ে গেছে। জামায়াত প্রার্থীরা দখলে নিয়েছে জাতীয় পার্টির আসনগুলো।
অন্যদিকে ভাইরাল ছবিকে ঘিরে একদল একে ‘রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ’ বলার চেষ্টা করলেও অনেকে এটিকে ‘অতিরঞ্জিত ও অসম্মানজনক’ মন্তব্য হিসেবে দেখছেন। এই প্রতীকী প্রতিবাদ আগামী দিনে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
