পদ্মা সেতু উদ্বোধনের চার বছর: কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক বাড়লেও সুযোগ-সুবিধায় ঘাটতি

কুয়াকাটা: সাগরকন্যা নামে পরিচিত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত পদ্মা সেতু উদ্বোধনের চার বছরে নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২২ সালের ২৫ জুন সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের এই একমাত্র সৈকত, যেখানে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়, সেখানে পর্যটকের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে পর্যটক বৃদ্ধির তুলনায় অবকাঠামো ও সেবার মান বাড়েনি এ অভিযোগ ব্যবসায়ী ও ভ্রমণকারীদের।

১৯৯৮ সালে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার পর থেকেই কুয়াকাটা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু দীর্ঘদিন রাজধানী ঢাকা থেকে একাধিক ফেরি পারাপার ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে ভ্রমণ ছিল সময়সাপেক্ষ ও ভোগান্তিপূর্ণ। পদ্মা সেতু চালুর পর ১০-১২ ঘণ্টার পথ নেমে এসেছে ৫-৬ ঘণ্টায়। ফলে ঢাকাসহ সারা দেশ থেকে সারা বছরই পর্যটকের আগমন বাড়ছে।

সংশ্লিষ্টরা জানান, সেতু উদ্বোধনের পর হোটেল-রেস্তোরাঁ, ট্যুর অপারেটর, পরিবহন, ট্যুর গাইডসহ পর্যটন সংশ্লিষ্ট অন্তত ১৬টি পেশায় কর্মচাঞ্চল্য বেড়েছে। নভেম্বর থেকে এপ্রিল পর্যটন মৌসুম হলেও এখন প্রায় বছর জুড়েই দর্শনার্থীর উপস্থিতি থাকে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের তথ্যমতে, বর্তমানে এখানে ২৫০ টির বেশি আবাসিক হোটেল রয়েছে, যার ধারণক্ষমতা প্রায় ২৫-৩০ হাজার। কিন্তু বিভিন্ন ছুটির দিনে লাখের বেশি পর্যটকের সমাগম ঘটে। তবে এর বেশীরভাগই সারাদিন ভ্রমন করে বিকেলেই গন্তব্য ফিরে আবার অনেককে আশপাশের বাসা-বাড়িতে থাকতে হয়।

ঢাকা থেকে আসা পর্যটক লাবিব-তন্নী দম্পতি জানান, যোগাযোগ সহজ হলেও সৈকতের পরিচ্ছন্নতা, পরিকল্পিত অবকাঠামো ও মানসম্মত সেবার অভাব রয়েছে। নোংরা পরিবেশ ও অপর্যাপ্ত সুবিধা অনেকের ভ্রমণ অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা এর আগে অনেকবার কুয়াকাটা এসেছি এখন মুখ ফিরিয়ে নেয়ার অবস্থা তৈরি হয়েছে। আমরা চাই এটা আরো সুন্দর হোক।

কুয়াকাটা হোটেল-মোটোল ওনার্স এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এম এ মোতালেব শরীফ বলেন, “পদ্মা সেতু কুয়াকাটার জন্য আশীর্বাদ। তবে পদ্মা সেতুর কারণে অনেক বিনিয়োগকারী কুয়াকাটা এসেছে। সাথে সাথে আমরাও পর্যটক পাচ্ছি। কিন্তু এ সকল পর্যটকদের যে বিনোদনের ব্যবস্থা বা দুই তিন দিন যে থাকবে সেই রকম কোনো ব্যবস্থা সরকার এখনো করতে পারেনি, তাই আমরা অনেক পর্যটক হারাতে বসেছি। এখন উন্নতমানের অবকাঠামো জরুরি।”

ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা জানান, সেতু চালুর পর দেশ-বিদেশের বিনিয়োগকারীরা জমি ক্রয় ও নতুন স্থাপনা নির্মাণে আগ্রহী হন। কিন্তু অনুমোদন প্রক্রিয়ার জটিলতায় অনেক প্রকল্প আটকে আছে। বর্তমানে স্থাপনা নির্মাণের অনুমতি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নিতে হয়, যা সময়সাপেক্ষ বলে অভিযোগ রয়েছে।
ট্যুর অপারেটরস্ এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, “মাসের পর মাস আবেদন ঝুলে থাকায় অনেক বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাদের মতে, অনুমোদন প্রক্রিয়া সহজ করা গেলে সরকার উল্লেখযোগ্য রাজস্ব পাবে এবং পর্যটকদের সেবার মানও বাড়বে। এতে করে কুয়াকাটা আরো উন্নতমানের হিসেবে তৈরি হবে।”
কুয়াকাটার পৌর প্রশাসক ইয়াসিন সাদেক জানান, “দেশের অন্যান্য পৌরসভার মতো স্থাপনা অনুমোদনের ক্ষমতা পৌর কর্তৃপক্ষের হাতে দিলে জটিলতা কমবে। গত দেড় বছরে মাত্র কয়েকটি অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।”
সংশ্লিষ্টদের মতে, পদ্মা সেতুর সুফল ধরে রাখতে হলে পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও মানসম্মত পর্যটনসেবা নিশ্চিত করতে হবে। অন্যথায় বাড়তি পর্যটকের চাপ সামাল দেওয়া কঠিন হবে।
চার বছরে কুয়াকাটায় পর্যটক সংখ্যা দ্বিগুণ হলেও এখন মূল চ্যালেঞ্জ এই আগ্রহকে টেকসই উন্নয়নে রূপ দেওয়া।
কুয়াকাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব কাউছার হামিদ বলেন, “কুয়াকাটাকে সৌন্দর্য মণ্ডিত ও পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে জেলা প্রশাসক বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। তারমধ্যে শিশু পার্ক, সন্ধ্যাকালীন বিনোদন, সাপ্তাহিক ইভেন্টসহ একজন পর্যটককে ২-৩ দিন কুয়াকাটায় ধরে রাখার জন্য বেশকিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি বিনিয়োগকারীদের বিনিয়োগ আরো সহজ করতে নির্মাণ ও জমি ক্রয়ের অনুমতি আরো সহজ করা হচ্ছে। আশা করি, আগামী একবছরে কুয়াকাটার আমূল পরিবর্তন দেখা যাবে।”
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
