কসবায় আ’লীগ-ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

| আপডেট :  ১১ মার্চ ২০২৬, ০৮:৫৫  | প্রকাশিত :  ০৬ আগস্ট ২০২৪, ০৮:৫৪

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আহাম্মদ এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলামের বাড়িতে হামলা-ভাঙচুর ও নারীদের হয়রানির ঘটনা ঘটেছে।

গত ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাতান বাড়ি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ বিএনপি ও জামায়াতের লোকজন পরিকল্পিতভাবে এই হামলায় চালিয়েছে।

স্থানীয়রা জানান, হামলাকারীরা দলবদ্ধভাবে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে দরজা-জানালা, গেইট-দেওয়াল ভাংচুর করেন। হামলাকারীরা পরিবারের নারী সদস্যদের সাথে দুর্ব্যবহার করেন। এ সময় তারা এই বাড়ির লোকজনদের প্রাণনাশের হুমকি দেন।

প্রতিবেশী জয়নাল মিয়া (৪৫) বলেন, “আলী আহাম্মদ ও তার ছেলে মো: রবিউল ইসলাম রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় হামলাকারীরা তাদের সরাসরি লক্ষ্য করেছে। আমরা নিজের চোখে দেখেছি কীভাবে তারা দলবদ্ধভাবে বাড়িতে ঢুকে সবকিছু ভাংচুর করেছে এবং নারীদের সাথে দুর্ব্যবহার করেছে।”
স্থানীয়রা জানান, এই হামলার সময় একাধিকবার পুলিশের কাছে সহায়তা চাওয়া হলেও পুলিশ কোন ধরনের সহয়তা করেননি। পুলিশের সহায়তা না পাওয়ায় হামলাকারীরা বাড়িতে হামলা চালিয়ে নির্বিঘ্নে চলে যায়।

প্রতিবেশী নানু মিয়া (৬০) জানান, এলাকার মানুষকে আতঙ্কিত করার উদ্দেশ্যেই এ তাণ্ডব চালানো হয়েছে। তবে রাজনৈতিক কারণে এই পরিবারটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। এ হামলার আতঙ্ক মূহুর্তে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। খুব দ্রুত এ ধরনের হামলার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ ধরনের হামলা বার বার ঘটবে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি ও জামায়াতের নেতাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মেদ বলেন, এ বিষয়ে আমি অবগত আছি। কিন্তু যে সময়ে আমাদের বিষয়টি জানানো হয়েছে, সেই সময়ে সারা দেশেই এ ধরনের ঘটনা ঘটেছে। সে সময় স্টেশনে পর্যাপ্ত পুলিশ না থাকায় আমরা সব জায়গায় সহয়তা দিতে পারিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত