আদমদীঘিতে পাহারাদার ও ড্রেনম্যানকে বেঁধে তিন ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে অনিশ্চয়তা

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): ইরি-বোরো চাষাবাদের ভরা মৌসুমে আদমদীঘি উপজেলার পল্লীতে রাতের অন্ধকারে গভীর নলকূপের পাহারাদার ও ড্রেনম্যানকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে রেখে তিন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে। এঘটনায় ওই গভীর নলকুপ এলাকার কৃষকদের জমিতে সেচ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে ১৯৭৮ সালে কয়াগাড়ী কৃষক সমবায় সমিতি পরিচালিত একটি গভীর নলকূপ স্থাপন করেন গ্রামবাসী। ওই গভীর নলকূপের আওতায় প্রায় ৩১০ বিঘা কৃষি জমিতে পানি সেচ ব্যবস্থা পরিচালনা করে কৃষকরা ইরিবোরো আবাদসহ মৌসুমি বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছিলেন। ওই গভীর নলকূপের আওতায় জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত ও রক্ষণাবেক্ষণে ড্রেনম্যান ও পাহারার নিয়োজিত করা আছে। এরা হল কয়াকুঞ্চি গ্রামে জামাল হোসেন ও একাব্বর হোসেন। এঅবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ ওই গভীর নলকূপের ঘরে হানা দেয়। এ সময় ড্রেনম্যান ও পাহারায় দায়িত্বে থাকা জামাল হোসেন ও একাব্বর হোসেনকে অস্ত্র দেখিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর কয়েক ঘণ্টা ধরে নলকূপে স্থাপিত খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার খুলে নীচে নিয়ে আসে। পরে ট্রান্সফরমারের তামার তারসহ অন্যসব যন্ত্রাংশ খুলে চুরি করে নিয়ে যায় দুবৃত্তরা। এঘটনায় ওই গভীর নলকুপের ব্যবস্থাপক আব্দুস ছালাম বাদী হয়ে শুক্রবার আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
