কেরানীগঞ্জে ভেজাল ওষুধ কারখানায় অভিযান, জরিমানা

| আপডেট :  ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩  | প্রকাশিত :  ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩

ঢাকার কেরানীগঞ্জে গবাদি পশুর খাদ্যের সঙ্গে ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে ভেজাল বনাজী ও যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানার মালিকের অনুপস্থিতিতে তার স্ত্রীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকার জনৈক জজ মিয়ার ভাড়াটিয়ার বাড়ির ম্যানেজার হারুন শেখের রুমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সরকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

উপজেলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জে থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকার একটি আবাসিক ভবনের ভেতরে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে গবাদি পশুর খাদ্য, চিটাগুড়সহ বিভিন্ন উপকরণের সঙ্গে অজ্ঞাত কেমিক্যাল মিশিয়ে ভেজাল বনাজী ও যৌন উত্তেজক ওষুধ তৈরি করা হয়। এসব পণ্য আবার বিভিন্ন আকর্ষণীয় নাম ও নামি-দামী ব্র্যান্ডের কম্পানির নাম ব্যবহার করে বাজারজাত করে আসছে। যা সাধারণ মানুষ এসব ওষুধ সেবন করে প্রতারিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সরকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল কাঁচামাল, প্রস্তুতকৃত পণ্য, মোড়ক ও লেবেল জব্দ করা হয়। একই মালিকানাধীন চুনকুটিয়া চৌরান্তা, কালিগঞ্জ বাজার ও তেলঘাট এলাকায় এসব ভেজাল পণ্য বিক্রির সঙ্গে জড়িত তিনটি দোকান সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সরকারি কমিশনার (ভূমি) আফতাব আহমেদ জানান, গবাদি পশুর খাদ্যের সঙ্গে ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে ভেজাল বনাজী ও যৌন উত্তেজক ওষুধ তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় কারখানার মালিক হারুন শেখ না থাকায় তার স্ত্রী খুসিমন বেগমকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

তিনি আরো বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও প্রতারণামূলক এসব কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পুনরায় একই অপরাধে জড়িত হলে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত