যেন দেখার কেউ নেই: আদমদীঘিতে ময়লার ভাগার ও পাকা ইমারতে ভরাট হয়ে যাচ্ছে রামশালা খালের ব্রিজের মুখ

| আপডেট :  ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৬  | প্রকাশিত :  ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৬

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): তারেক রহমানের সরকার যখন সারাদেশে খাল খনন প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়েছে । ঠিক এমন সময় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজারের পাশ দিয়ে প্রবাহিত রামশালা নামক খালের উপর থাকা সওজের ব্রিজ মুখে ময়লার ভাগার ও অবৈধ ভাবে দুই পাশে খালের জায়গায় পিলার তুলে পাকা ইমারত নির্মান করায় ভরাট হয়ে যাচ্ছে। একে তো খালে জমাট বাঁধা কচুরিপানা তার উপর ইমারত নির্মান ও ময়লার ভাগারের কারণে আসন্ন বর্ষা মৌসুমে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবার উপক্রম হয়ে পড়েছে । খালের দুই পাশে মানব সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হবার আশংকা করছেন এলাকাবাসী।

এদিকে ওই ময়লার ভাগারের উপরি ভাগে মাঝে মধ্যে কে বা কারা আগুন লাগায়। এতে করে সেসময় এলাকার পরিবেশ দুষিত হয়ে পড়ে। পাশাপাশি উন্মুক্ত স্থানের আগুন ছড়িয়ে পড়ে বড় আকারের অগ্নিকাণ্ডের আশংকায় রয়েছে।

স্থানীয়রা জানায়, বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকা দিয়ে আদিকাল থেকে প্রবাহিত রয়েছে রামশালা খাল। এদিকে, আদমদীঘি গোহাট, সপ্তাহের দুই হাটবার ও দৈনিক বাজারসহ আশে পাশের আবাসিক এলাকায় প্রতিদিন সৃষ্টি ময়লা ও আর্বজনাগুলো পরিষ্কার করে সুইপাররা রামশালা খালের ওই ব্রিজের দুই পাশের মুখ ঘেঁষে ফেলে আসছে দীর্ঘ দিন থেকে। ফলে ওই সব ময়লার ভাগারের দূর্গন্ধে পথচারীসহ আশে পাশের বাসিন্দা ও ব্যবসায়ীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এবং খালটির ব্রিজমুখ ক্রমান্বয়ে ভরাট হয়ে যাচ্ছে।

এছাড়া ওই ময়লার ভাগারে সুইপাররা প্রায়ই আগুন লাগিয়ে দেয়। ফলে ওই ব্রিজের পুর্বাংশ পুড়ে দুর্বল হয়ে যাচ্ছে। যে কোন সময় ব্রিজটি ভেঙ্গে যাওয়া আশংকা রয়েছে। পাশাপাশি ব্রিজের পশ্চিমে প্রান্তের দক্ষিণ ও উত্তর পাশে খালের তলদেশ থেকে অবৈধ ভাবে পিলার তুলে পাকা ইমারত নির্মান করা হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এ ধরনের কর্মকান্ড চলায় এলাকাবাসীর প্রশ্ন এসব দেখার কি কেউ নেই।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অচিরেই সদর ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমস্যা সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত