ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

| আপডেট :  ০১ মে ২০২৬, ০৮:২৫  | প্রকাশিত :  ০১ মে ২০২৬, ০৮:২৫

ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পকে তিনি বলেছেন, বিজয় দিবস উদযাপনের সময় যুদ্ধবিরতি ঘোষণা করতে তিনি প্রস্তুত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিয়ার আন্তর্জাতিক বিষয়ক সহকারী ইউরি উশাকভের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

উশাকভ বলেন, ‘এ প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন মার্কিন প্রতিপক্ষকে জানিয়েছেন, তিনি বিজয় দিবস উদযাপনের সময় যুদ্ধবিরতি ঘোষণা করতে প্রস্তুত।’ ক্রেমলিনের এই সহকারী আরও বলেন, ‘ট্রাম্প এই উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করে বলেছেন যে, এই উৎসবটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদের বিরুদ্ধে আমাদের যৌথ বিজয়ের প্রতীক।’

মূলত প্রতি বছর ৯ মে পালিত হয় রাশিয়ার বিজয় দিবস। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে এই দিনে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মারক হিসেবে দেখা হয়। ট্রাম্প ও পুতিনের সাম্প্রতিক ফোনালাপে এসব বিষয়ে কথা হয়। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ওই আলোচনায় ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশি কথা হলেও ইরান ইস্যুতেও মতবিনিময় করেন দুইনেতা।

এ বিষয়ে ওয়াশিংটনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, পুতিনের সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে। তিনি বলেন, আলোচনাটি ইরানের চেয়ে ইউক্রেন যুদ্ধের ওপর বেশি কেন্দ্রীভূত ছিল। পুতিন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ করতে সাহায্য করতে চেয়েছেন বলেও জানান ট্রাম্প, কিন্তু রুশ নেতাকে প্রথমে ইউক্রেন আগ্রাসন বন্ধ করতে বলেছেন তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত