আদমদীঘিতে ছয় দপ্তরে নেই প্রধান কর্মকর্তা, সেবা প্রার্থীদের ভোগান্তি

| আপডেট :  ০৬ মে ২০২৬, ০৫:৪৪  | প্রকাশিত :  ০৬ মে ২০২৬, ০৫:৪৪

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার গুরুত্বপূর্ণ ছয়টি সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে প্রধান কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এসব দপ্তরের মধ্যে রয়েছে নির্বাচন অফিস, সমবায় অফিস, মহিলা বিষয়ক দপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অফিস এবং পরিবার পরিকল্পনা কার্যালয়।

এসব গুরুত্বপূর্ণ পদে প্রধান কর্মকর্তা কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটছে। এতে করে সেবা প্রার্থী জনসাধারণের ভোগান্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে এসব দপ্তরের শূন্য পদে প্রধান কর্মকর্তা নিয়োগ দিয়ে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলা পর্যায়ে সেবা কার্যক্রম জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর প্রতিষ্ঠা করেছে। এর ফলে মানুষ সহজেই নিকটবর্তী দপ্তর থেকে প্রশাসনিক কার্যক্রমসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে। এ কারণে প্রতিটি সংশ্লিষ্ট উপজেলার জনসাধারণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য গত কয়েক মাস ধরে আদমদীঘি উপজেলার ওই সব দপ্তর কার্যালয়ে প্রধান কর্মকর্তার পদ শূন্য রয়েছে।

সংশ্লিষ্ট পদগুলোতে ভারপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও তাদের কার্যক্রমে দায়সারা মনোভাবের অভিযোগ উঠেছে। প্রধান কর্মকর্তার অনুপস্থিতির কারণে এসব দপ্তরের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করার পাশাপাশি বারবার অফিসে আসা-যাওয়ায় অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম স্থানীয় সাংবাদিদের জানান, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে যাতে করে দ্রুততম সময়ে এসব দপ্তর কার্যালয়ের প্রধান কর্মকর্তার শুন্য পদ পুরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত