আদমদীঘিতে ত্রি-মুখী সংঘর্ষে অটোবাইক চালক নিহত, যাত্রীসহ আহত ৭

| আপডেট :  ০৯ মে ২০২৬, ০৩:৫৬  | প্রকাশিত :  ০৯ মে ২০২৬, ০৩:৫৬

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): আদমদীঘি উপজেলার সান্তাহারের ডাঙ্গাপাড়া গ্রামের সামনে ট্রাক্টর-অটোবাইক এবং মোটরসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে মনোয়ার হোসেন (৬০) নামের অটোবাইক চালক ঘটনাস্থলে নিহত এবং যাত্রীসহ সাতজন গুরুতর আহত হয়েছে। নিহত মনোয়ার হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। আহতদের আদমদীঘি সংলগ্ন নওগাঁর রাণীনগর উপজেলা হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মনোয়ার হোসেনের ব্যাটারি চালিত অটোবাইক রির্জাভ ভাড়া করে একই এলাকার রাফিয়া খাতুন, রাজিয়া সুলতানাসহ পাঁচ যাত্রী চিকিৎসার উদ্দেশ্যে নাটোরের নলডাঙ্গা যায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় আদমদীঘি উপজেলার সান্তাহারের ডাঙ্গাপাড়া মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর ও মোটরসাইকেলের সাথে অটোবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোবাইকের চালক মনোয়ার হেসেন এবং ওই অটোবাইকের যাত্রী ও মোটরসাইকেলের চালকসহ সাতজন গুরুতর আহত হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত অটোবাইক চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা সংক্রান্ত ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত