পবিপ্রবির প্রো-ভিসি হেমায়েত জাহানকে অপসারণের দাবিতে মানববন্ধন

| আপডেট :  ২১ মে ২০২৬, ০৭:৪৮  | প্রকাশিত :  ২১ মে ২০২৬, ০৭:৪৮

 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জামাতপন্থী প্রো-ভিসি অধ্যাপক এসএম হেমায়েত জাহান ও তার সহযোগীদের অবাঞ্ছিত ঘোষণা এবং অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে)বেলা সাড়ে ১১টায় লেবুখালীর বিশ্ববিদ্যালয় স্কয়ার এলাকায় পবিপ্রবির অংশীজন ও দুমকিবাসী- ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক নারী অংশ নেন।

সমাবেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, মোসা: নুরজাহান বেগম, মিসেস সালমা আক্তার, বিউটি বেগম প্রমূখ। বক্তারা অভিযোগ করেন, প্রো-ভিসি অধ্যাপক এসএম হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা উসকে দিচ্ছেন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ নষ্ট করে একটি বিশেষ মহলের স্বার্থ হাসিলের চেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে প্রো-ভিসির নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা থাকলেও তিনি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।

মানববন্ধন থেকে অবিলম্বে অধ্যাপক এসএম হেমায়েত জাহান ও তার সহযোগীদের অপসারণের দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নিরীহ রাজনৈতিক নেতা-কর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা না দেওয়ার আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত