জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি

| আপডেট :  ২৩ মে ২০২৬, ০৮:৩৩  | প্রকাশিত :  ২৩ মে ২০২৬, ০৮:৩৩

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিভেদমূলক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

আইজিপি বলেন, সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। একজনকে রাজাকার, আরেকজনকে ফ্যাসিস্ট বলে বিভাজন সৃষ্টি না করে সবাইকে সহনশীল হতে হবে। সমাজব্যবস্থা ঠিক রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি।

শনিবার (২৩ মে) বিকেল ৫ টায় বগুড়ার আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ এবং আদমদীঘি থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আমরা নিজের ভুল না দেখে অন্যের সমালোচনা নিয়ে বেশি ব্যস্ত থাকি। একটি পরিবারের পাঁচ সন্তানের সবাই যেমন একরকম হয় না, তেমনি সমাজেও কেউ সমস্যায় থাকলে তাকে কাউন্সেলিং ও সহযোগিতার মাধ্যমে সুপথে আনতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকল পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ব্যক্তিগতভাবে রাজনৈতিক মত বা দল থাকতে পারে, তবে সেটা শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কর্মস্থলে দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা ও দেশের শান্তি নিশ্চিত করা।

তিনি আরও বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে ফুটপাত, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে দলাদলি করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। আইজিপি বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি কোন দল তা দেখার প্রয়োজন নেই। দেশের প্রতিটি নাগরিককে সমানভাবে সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন- বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম, স্থানীয় সরকারের বগুড়া জেলার উপপরিচালক রাজিয়া সুলতানা এবং উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন- আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং আদমদীঘি উপজেলা শাখার সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত