সাংবাদিকদের দলমতের উর্দ্ধে সত্যের পক্ষে কাজ করতে হবে: মহিত তালুকদার এমপি

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া) : পশ্চিম বগুড়া হিসাবে পরিচিত আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার প্রেসক্লাবের ৪০ বছর (রুবি জয়ন্তী) পূর্তি উদযাপন উপলক্ষ্যে বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে নাগরিক সংবর্ধনা প্রদান ও প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধা রাত সাড়ে ৭ টায় প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও সান্তাহার প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, সান্তাহার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক পুলিশ কর্মকর্তা শেখ গোলাম মোর্শেদ খাইরুল্লাহ পনি, সান্তাহার প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব এম,এফ সিদ্দিকী গুড্ডু এহসান, প্রেসক্লাবের উপদেষ্টা ডা. হামিদুর রহমান রানা প্রেসক্লাবের উপদেষ্টা আনিকা পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী মোঃ আব্দুল জলিল, প্রেসক্লাবের উপদেষ্টা সান্তাহার পৌরসভার সাবেক চেয়ারম্যান গোলাম মোরশেদ খান প্রমূখ। প্রধান অতিথির আব্দুল মহিত তালুকদার তাঁর বক্তব্যের শুরুতেই মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বগুড়া-৩ আসনকে মাদকমুক্ত করতে সাংবাদিক ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণেরও সাহায্য কামনা করেন। সান্তাহারের জনগুরুত্বপূর্ণ রেল গেইটের বিরম্বনা দূর করতে একটি ওভার পাস বা আন্ডার পাস ও দুর্ঘটনা রোধে চওড়া রাস্তার অনুমোদনের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান। সান্তাহার পৌরসভা ও রেলওয়ে জংশন শহরে চিকিৎসার ভালো সুযোগ না থাকা বিষয়ে তিনি তার মনোকষ্ট ব্যক্ত করেন। একই সঙ্গে শহরের সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
সাংবাদিকদের জাতির বিবেক আখ্যায়িত করে তিনি বলেন, সাংবাদিকদের দল মতের ঊর্ধ্বে থেকে সত্যের পক্ষে থাকতে হবে। একজন সাংবাদিকের প্রধান পরিচয় তিনি সাংবাদিক, তার রাজনৈতিক পরিচয়ের দরকার পড়ার কথা নয়। এটা নিশ্চিত করা গেলে এই মহান পেশার স্বচ্ছতা বজায় থাকবে বলে তিনি আশা করেন। বক্তব্যে শেষে তিনি সবাইকে সঙ্গে নিয়ে তার নির্বাচনী এলাকার উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশন করে শহরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন বিহঙ্গ শিল্পী গোষ্ঠী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
