কেরানীগঞ্জে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ হকারের মরদেহ

| আপডেট :  ০৫ জুন ২০২৬, ০৭:৩৭  | প্রকাশিত :  ০৫ জুন ২০২৬, ০৭:৩৭

ঢাকার কেরানীগঞ্জে একটি ফার্নিচার কারখানার শ্রমিকদের আবাসিক ছাউনি থেকে বাবু মিয়া (৫৫) নামের এক হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার দ্বীন ফার্নিচার কারখানার তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু মিয়া দীর্ঘদিন ধরে কদমতলী গোলচত্বর এলাকায় পান-সিগারেট বিক্রি করতেন। ব্যবসা শেষে তিনি নিয়মিত ওই কারখানার শ্রমিকদের আবাসিক ছাউনিতে রাত কাটাতেন। ঈদুল আজহার ছুটিতে অধিকাংশ শ্রমিক গ্রামের বাড়িতে চলে যাওয়ায় কয়েক দিন ধরে তিনি সেখানে একাই অবস্থান করছিলেন। আজ দুপুরে আবাসিক ছাউনি থেকে দুর্গন্ধ বের হতে দেখে কারখানার দারোয়ান বিষয়টির উৎস খুঁজতে যান। পরে একটি কক্ষের ভেতরে বাবু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির চাচা আসলাম ভান্ডারী বলেন, ‘ছোটবেলা থেকেই বাবু আমার কাছে মানুষ হয়েছে। তিন দিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ লোকমুখে খবর পেয়ে এখানে এসে জানতে পারি, লেবারদের থাকার স্থানে কম্বল প্যাঁচানো অবস্থায় বাবুর লাশ পাওয়া গেছে। আমার ধারণা, বাবুকে হত্যা করে তার কাছে থাকা টাকাপয়সা লুট করা হয়েছে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, মরদেহটির প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। এ কারণে মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত