মোসাদ্দেকের প্রত্যাবর্তন, চোখ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে চমক বলতে মোসাদ্দেক হোসেনের প্রত্যাবর্তন। প্রায় চার বছর পর ওয়ানডে দলে ফিরেছেন এই অলরাউন্ডার।
ওয়ানডে দলে ফিনিশিং রোলেই দায়িত্ব পালন করতে হবে মোসাদ্দেককে। পাশাপাশি একজন কার্যকর বোলার হিসেবেও দায়িত্ব পালন করতে হবে।
মোসাদ্দেক নিজেও জানেন, ঠিক কী কারণে তাকে দলে নেওয়া হয়েছে। চার বছর পর সুযোগ পেয়ে এই অলরাউন্ডার জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে চান।
সুযোগ করে নিতে চান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে।
জাতীয় দলের বাইরে থাকার সময়টাতে কঠোর পরিশ্রম করেছেন মোসাদ্দেক।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই রান করেছেন এই অলরাউন্ডার। ঢাকা লিগে গত মৌসুমে আবাহনীকে শিরোপা এনে দিতে বড় ভূমিকা রাখেন মোসাদ্দেক। এবারও আবাহনীর হয়ে ব্যাট ও বল হাতে নিয়মিত পারফরম্যান্স করে চলেছেন। ঘরোয়া ক্রিকেটে রান করলেও সুযোগ হচ্ছিল না তার। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সুযোগ মিলল।
মিরপুর একাডেমি মাঠে বৃহস্পতিবার অনুশীলন করছিলো আবাহনী ক্লাব। অনুশীলনের এক পর্যায়ে পুরো দল সমবেত হয়। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনীর সতীর্থরা সেটাই উদযাপন করেছেন কেক কেটে। লম্বা বিরতির পর এভাবে ফিরে আসাটা যে কোন ক্রিকেটারের জন্যই অনুপ্রেরণাদায়ক।
বাদ পড়ার কঠিন সময়টাতে কীভাবে নিজেকে ধরে রেখেছিলেন, সেই কথাই গণমাধ্যমকে জানিয়েছেন মোসাদ্দেক, ‘চেষ্টা করতেছিলাম যত ধারাবাহিকভাবে খেলা যায় এবং যত দীর্ঘ সময় ধরে ধারাবাহিক খেলা যায়। আমার মনে হয়, সেভাবে ভালো করার পরই এই সুযোগটা এসেছে। আমি অবশ্যই চাইব, যতদিন আমার ক্যারিয়ার থাকবে, ততদিন যেন জাতীয় দলের জন্য খেলতে পারি।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে মোসাদ্দেক জানান, দলে জায়গা পাকা করতে আসন্ন সিরিজগুলোতে ভালো পারফরম্যান্স অনেক বেশি গুরুত্বপূর্ণ, ‘বিশ্বকাপে খেলা একটি স্বপ্ন। সেটি অর্জন করতে হলে, বিশ্বকাপের আগের সিরিজগুলোতে আমাকে ভালো পারফর্ম করতে হবে। আমি ধারাবাহিকভাবে অবদান রাখতে পারলেই কেবল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার আশা করতে পারি।’
মোসাদ্দেক আরও বলেন, ‘দলে আমার ভূমিকা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক সুমন ভাই (হাবিবুল বাশার)। আমি ছয় বা সাত নম্বরে ব্যাট করি, আবার পাঁচ-ছয় ওভার বল করি, আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করব। ফিনিশানদের শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করলে হবে না। দলে প্রভাব ফেলতে পারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের শূন্যস্থান পূরণের বিষয়ে জানতে চাইলে মোসাদ্দেক বলেন, ‘তার সাথে অন্য কারও তুলনা করলে বাড়তি চাপ তৈরি হয়। খেলোয়াড়দের সেরাটা দেওয়ার জন্য স্বাধীনতা ও উৎসাহ প্রয়োজন। যখন সাকিব ভাই দলে থাকতেন না, আমরা সবসময় তার অভাব অনুভব করতাম। তিনি বড় মাপের ক্রিকেটার, যিনি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সমানভাবে দলের জন্য অবদান রাখতে পারেন।’
ব্যাটার ও বোলারদের বর্তমান পারফরমেন্সের বিচারে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী মোসাদ্দেক। তিনি বলেন, ‘আমাদের বোলিং আক্রমণ এখন বিশ্বের সেরা দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে সিরিজ জয়ের ভালো সুযোগ থাকবে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
