আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশুদ্ধ পানির টিউবওয়েল অকেজো, জানে না কর্মকর্তারা

| আপডেট :  ১১ জুন ২০২৬, ০৮:২৮  | প্রকাশিত :  ১১ জুন ২০২৬, ০৮:২৮

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া) : ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি থাকা রোগী ও স্বজনদের বিশুদ্ধ পানির একমাত্র টিউবওয়েল দিনের পর দিন ধরে অকেজো। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন ভুক্তভোগীরা। বাধ্য হয়ে রোগীর স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মহাসড়ক পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চায়ের দোকান থেকে খাবার, পানি সংগ্রহ করছেন। দিনের পর দিন ধরে টিউবওয়েল অকেজো হয়ে থাকলেও কর্মকর্তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এ বিষয়টি জানেন না বলে দাবি করেছেন সাংবাদিকদের নিকট। তার এমন মন্তব্যকে ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত অসুস্থ মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। তাদের মধ্যে অধিকাংশ রোগী জরুরি ও বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া প্রতিদিন ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি থাকেন, যাদের অধিকাংশই দরদি, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের সদস্য। ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের জন্য কোন বিশুদ্ধ পানির একমাত্র সম্বল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসানো একটি টিউবওয়েল। সেই টিউবওয়েলটিও দিনের পর দিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় দেখা দিয়েছে পানি সংকট। এতে করে ভুক্তভোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। বাধ্য হয়ে অনেকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা হোটেল কিংবা ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার হয়ে চায়ের দোকান থেকে খাবার, পানি সংগ্রহ করছেন।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের সরবরাহকৃত পানি দীর্ঘদিন ধরে ব্যবহৃত ট্যাংকি ও পাইপলাইনের মাধ্যমে আসে। সেই ট্যাংকি ও পাইপলাইন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় ময়লা ও শ্যাওলা জমে থাকে, যা বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে। তাদের আশঙ্কা, চিকিৎসা নিতে এসে বিশুদ্ধ পানির অভাবে রোগীরা সুস্থ হওয়ার পরিবর্তে নতুন রোগে আক্রান্ত হতে পারেন। টিউবওয়েলটি অকেজো থাকার বিষয় নার্সদের অবগত করা হলেও গুরুত্ব দেওয়া হয়নি, বরং দায়িত্বশীলদের উদাসীনতার কারণেই রোগী ও স্বজনদের ভোগান্তি দীর্ঘায়িত হয়েছে বলে তাদের অভিযোগ। এ নিয়ে রোগীর সচেতন স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারকে জানালে, এত দিন ধরে কেউ বিষয়টি তাকে অবহিত করেনি বলে সাফ জানিয়ে দেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের তদারকির ঘাটতি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীর স্বজন বৃদ্ধা রাবেয়া খাতুন, ছালমা জানান, তারা গত কয়েকদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। বোতলজাত পানি কিনে খাওয়ার মতো তাদের সামর্থ্য নাই। একমাত্র বিশুদ্ধ পানির টিউবওয়েলটি নষ্ট থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ট্যাপের পানি উপযোগী নয় তবুও নিরুপায় হয়ে অনেকে মাঝে মধ্যে খায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল হালিম বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনি আজই প্রথম শুনেছেন। এর আগে তাকে কেউ অবগত করেনি। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম সাংবাদিকদের বলেন, খোঁজ নিয়ে দ্রুত টিউবওয়েলটি মেরামতের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত